দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলীতে গত রবিবার (২৬শে মে) সন্ধ্যায় শিশুদের ঝগড়ার জেড়ে বড়দের সংঘর্ষে আগ্নেয়াস্ত্রের গুলিতে খোকন মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত ও গুরুতর আহত হয়েছে আফজাল (১৮) নামে এক যুবক। আহত আফজাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাটিভড়াটিয়া মুন্সিপাড়া গ্রামের তাহের আলী ও সিরাজপাড়ার খোকনের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অনেকদিন ধরে বিরোধ ও মামলা ছিল। তারা আপন চাচাত ভাই। রোববার সন্ধ্যার আগে বরাটিয়া মাঠে নিহত খোকনের দুই ছেলে আপন (১৪) ও জীবন (১৬) ফুটবল খেলা দেখতে যায়, এ সময় মুন্সিপাড়া গ্রামের তাহেরের ছেলে ফুয়াদ মিয়ার পুত্র দিদারের (১৬) সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। দিদার বাড়িতে খবর দিলে তাহেরের লোকজন খোকনের ছেলে আপন ও জীবনকে ধরে মুন্সিপাড়া তাহেরের বাড়িতে নিয়ে আটকে রাখে।
খবর পেয়ে খোকন মিয়ার চাচাত ভাই আফজালসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ছেলেদেরকে ছাড়িয়ে আনতে যায়। এ সময় উভয়পক্ষ উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে তাহেরের ছেলে ফুয়াদ মিয়ার ভাই শফিকুল (৪০), সোহাগ (৩৮), জসিম (৩৫) ও ওয়াসিম (৩৩) আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে। জসিম গুলি ছুড়ে। খোকন মিয়া ও আফজাল গুলিবিদ্ধ হয়। কিশোরগঞ্জ সদরে নিয়ে যাওয়ার পথে খোকন মৃত্যুর কোলে ঢলে পড়ে। আফজালকে প্রথমে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে নিকলী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ প্রেরণ করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ভূইয়া জানান, সংঘর্ষের পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে আটক করা যায়নি। পুলিশ নিহত খোকনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম রবিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।