বাংলাদেশ যেমন হতাশায় মোড়ানো একটি দিন শেষ করেছে সেখানে সিলেট টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশ সফরে এসে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে স্বাগতিকদের ১৯১ রানে গুঁড়িয়ে দিয়ে দিনের একিবারে শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের এই দেশটি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (২০ এপ্রিল) দিনটি মোটেই পক্ষে ছিল না শান্তদের। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশকে পিছিয়ে রাখতে হচ্ছে। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১২৪ রানে পিছিয়ে থাকলেও প্রথম দিনের সার্বিক বিবেচনায় সফরকারীদের এগিয়ে রাখা যায়।
ব্যাটিংয়ে যেমন বিবর্ণ ছিল বাংলাদেশ, বল হাতেও পারেনি সুযোগ তৈরি করতে। ১৪.১ ওভার বল করেও তাই বোলাররা তুলতে পারেনি জিম্বাবুয়ের কোনো উইকেট। সফরকারী দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান মিলে উদ্বোধনী জুটি পার করে দিন। বেনেট অপরাজিত ৪০ রানে, কারান ১৭ রানে।
টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে যেন উঠেপড়ে লাগেন বাংলাদেশের ব্যাটাররা। মুমিনুল হকের ৫৬ ও শান্তর ৪০ রান ছাড়া বলার মতো সংগ্রহ গড়তে পারেননি কেউই। ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েন ব্যাটাররা। দুজনই নেন ৩টি করে উইকেট। দুটি করে উইকেট শিকার করেন ভিক্টর নায়ুচি ও ওয়েসলি মাদেভিরে।
ভিক্টর নায়ুচি প্রথম সাফল্য এনে দেন জিম্বাবুয়েকে। ইনিংসের নবম ওভারে ব্রায়ান বেনেটের ক্যাচে পরিণত হন সাদমান। বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ২৩ বলে ১২ রান করে সাদমান বিদায় নেন। এক ওভার বিরতি দিয়ে নায়ুচি তুলে নেন দ্বিতীয় ওপেনার জয়কেও। এবার উইকেটের পেছনে ক্যাচ নেন নায়াশা মায়াভো। ৩৫ বলে ১৪ রান করেন জয়।
৩২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে খানিক স্বস্তি এনে দেন শান্ত ও মুমিনুল হক। দুজনের জুটিতে আসে ৬৬ রান। ৪০ রানে বিদায় নেন শান্ত। ৯৮ রানে ৩ উইকেট হারানোর পর মুমিনুল হককে সঙ্গ দিতে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু, থিতু হতে পারেননি তিনিও। মাত্র ৪ রান করে ওয়েলিংটন মাসাকাদজার বলে ব্রায়ান বেনেটের তালুবন্দি হন মুশফিক। ফিফটির পর বিদায় নেন মুমিনুলও। ৫৬ রান আসে তার ব্যাট থেকে। ১ রানে আউট হয়ে বিপদ বাড়ান মেহেদী হাসান মিরাজ।
যে বিপদ আর সামাল দেওয়া যায়নি। ব্যাটিং ব্যর্থতায় ঘরের মাঠে পড়তে হয়েছে লজ্জায়। প্রথম দিনের খেলা শেষে সিলেট টেস্টের যা অবস্থা তাতে, বাংলাদেশের তুলনায় খুব ভালো পজিশনে আছে জিম্বাবুয়ে। কোনো ধরনের অঘটন না ঘটলে প্রথম ইনিংসে লিড নেওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে সফরকারীদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৬১ ওভারে ১৯১/১০ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ১৪-২-৩৭-০, মুজারাবানি ১৯-৪-৫০-৩, নায়ুচি ১৫-২-৭৪-২, মাদেভিরে ৩-২-২-২, মাসাকাদজা ১০-৪-২১-৩)
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ১৪.১ ওভারে ৬৭/০* ( বেনেট ৪০*, কারান ১৭*; হাসান ৫-২-১৬-০, নাহিদ ৪.১-০-২১-০, খালেদ ২-০-১১-০, মিরাজ ৩-১-১০-০)