কিশোরগঞ্জের ভৈরবে এইচএসসি পরীক্ষার ফরমপূরণে ভুল হওয়ায় পরীক্ষা দিতে পারেনি মারজিয়া বেগম নামের এক কলেজ ছাত্রী। এঘটনায় কলেজ কর্তৃপক্ষ নিজেদের গাফিলতির বিষয়টি বুঝতে পেরে স্ব-দলবলে ভুক্তভোগী পরীক্ষার্থীর বাড়িতে এসে তার পরিবারের লোকজনের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এ ঘটনায় দায় এড়াতে তাৎক্ষণিক ভাবে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার গজারিয়া ইউনিয়নের বাশঁগাড়ি এলাকায় অবস্থিত জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ (জেড.রহমান প্রিমিয়ার স্কুল এন্ড কলেজ) এর পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ভুক্তভোগী পরীক্ষার্থী মারজিয়া বেগম উপজেলার গজারিয়া ইউনিয়নের স্বপন মিয়ার কন্যা।
মারজিয়া জানান, আর সব পরীক্ষার্থীদের মত এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সেও গৌরবান্মীত ফলাফল অর্জন করে বাবা-মায়ের গর্বিত সন্তান হওয়ার স্বপ্ন বুনে ছিল। কিন্তু নিছক গাফিলতিতেই সেই স্বপ্ন ভঙ্গ হয় পরীক্ষার প্রথম দিনেই।
জানাযায়, পরীক্ষার আগে ফরম পূরনের জন্য ২৫০০ টাকা জমা দেয় অফিসে। জমা দেওয়ার পর পরীক্ষার আগে প্রবেশপত্র আনতে যায় কলেজে। কিন্তু কলেজের অফিস সহকারি মো. শফিকের সাথে বার বার যোগাযোগ করলেও তিনি পরীক্ষার আগে প্রবেশপত্র দিবেন বলে মারজিয়াকে আশ্বস্থ করেন। কিন্তু অবশেষে তাকে প্রবেশ পত্র না দিয়ে পরীক্ষার আগের দিন জানানো হয়, ভুলের কারণে তার প্রবেশ পত্র হয়নি।
এবিষয়ে মারজিয়া অফিস সহকারির কাছে কারণ জানতে চাইলে তিনি জানান, ফরম পূরনের সময় ভুল বশত ‘ডাবল ক্লিক’ করায় মারজিয়ার ফরমটি বাতিল হয়ে যায়। এবিষয়ে ভুক্তভোগী পরীক্ষার্থী মারজিয়া জানান, এইচএসসির ফরম পূরনের জন্য নির্ধারিত ফি প্রদান করার পরেও আমি প্রবেশপত্র না পেয়ে আজকের বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারিনি। জীবন থেকে আমার একটি বছর ঝরে গেল। অথচ আমি টেস্ট পরীক্ষায় সম্ভাবনাময় রেজাল্ট নিয়ে ফাইনালের প্রস্তুতি নিই। ফাইনাল পরীক্ষার জন্য আমার প্রস্তুতি আরো ভালো ছিল।
মারজিয়া অভিযোগ করে আরো বলেন, প্রথমত ডাবল-ক্লিকের দায় এড়িয়ে গিয়ে কলেজ কর্তৃপক্ষ সময় অতিবাহিত করেন। চরম গাফিলিতে আমার স্বপ্ন ভঙ্গ হয়। তবে স্যার’রা নিজেদের ভুল বুঝতে পেরে বাড়ি এসে আমার পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করায় আমি সড়ল মনে ভাগ্য কে মেনে নিয়েছি। এছাড়ও আমাকে আগামী বছর বিনা ফি- তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিবেন বলে আশ্বস্থও করেছেন।
এবিষয়ে মারজিয়ার বাবা স্বপন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার মেয়ের ফরম পূরণ বাতিল হওয়ায় কলেজের শিক্ষকরা আমার বাড়িতে এসে ভুল স্বীকার করায় তাদের সম্মানের কথা চিন্তা করে আমি আইনগত ব্যবস্থা নিই নি।
এদিকে কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ বলেন, ফরম পূরণ করতে গিয়ে কম্পিউটারে ডাবল ক্লিক পড়ায় ফরমটি বাতিল হয়ে যায়। যার কারণে আমরা শিক্ষা বোর্ডে একাধীকবার যোগাযোগ করেও বিষয়টির সমাধান করতে পারিনি। তবে আমরা সুষ্ঠ সমাধানের লক্ষ্যে ইতোমধ্যেই সমাজকর্ম বিষয়ের প্রভাষক মো. হারুণ মাহমুদ সুফলকে প্রধান করে ৩ সদসের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির অন্য সদস্যরা হলো, উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক আরিফুজ্জামান ও কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক মাহবুবা রহমান। পাশাপাশি তদন্ত কমিটিকে ৩কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও প্রদান করা হয়েছে।
এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম কামাল উদ্দিন হায়দার মুঠোফোনে জানান, এডমিট কার্ড যখন বোর্ড থেকে প্রদান করা হয়, সে গুলো তাৎক্ষণিকভাবে বিতরণ করা হলে কোনো ত্রুটি থাকলেও তা সাথে সাথে সংশোধনের সুযোগ থাকে।
এছাড়াও তিনি আরো জানান, দেশের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পরীক্ষার একদিন আগে এডমিট কার্ড বিতরণের চর্চা থাকায় প্রায়ই এসব অভিযোগ আমাদের কাছে আসছে।
এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা শবনম শারমিন জানান, শিক্ষাথী ও শিক্ষাথীর পিতা আমার সাথে দেখা করেছেন। তবে তারা কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।