কিশোরগঞ্জে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফিউচার ড্রিম স্কুল অ্যান্ড কলেজ-এ এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফল উৎসব, প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রদান, MAARS ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদের আর্থিক অনুদান বিতরণ এবং অভিভাবক সমাবেশ।
শনিবার (২৮ জুন) দিনব্যাপী শহরের গাইটাল সার্কিট এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদ মিয়া। তিনি ফল উৎসব ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রস্তুতকৃত স্টলের ব্যাপক প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিস আফসানা মৌরিন উর্মি। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধুই একাডেমিক সাফল্য নয় বরং একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করা।”

ফলভিত্তিক প্রজেক্ট, তথ্য উপস্থাপন ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এছাড়াও বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে উপস্থাপনা অনুষ্ঠানের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলে।
অনুষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্বোধন করেন প্রধান অতিথি। এবার প্রথমবারের মতো অনলাইন রেজাল্ট সিস্টেম চালু করা হয়, যাতে অভিভাবকরা ওয়েবসাইট ও মোবাইলের মাধ্যমে ফলাফল জানতে পারেন। একইসাথে এনালগ পদ্ধতিতে (কাগজে ছাপানো রেজাল্ট) ফল প্রকাশ করা হয়, যাতে প্রযুক্তি-অসুবিধায় পড়া কেউ বঞ্চিত না হয়।
পরবর্তী পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে স্মারক ও পুরস্কার এবং দুজন বিশেষ শিক্ষার্থীদের মাঝে MAARS ফাউন্ডেশন কর্তৃক আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অভিভাবক সমাবেশে অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, স্বাস্থ্য সচেতনতা, নৈতিক শিক্ষা ও ডিজিটাল ক্লাসরুম ব্যবস্থাপনা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। দিনব্যাপী এ আয়োজনে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজনটি প্রাণবন্ত করে তোলে শিক্ষার্থীদের উদ্দীপনা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।