রাজধানীর মুগদা থানায় দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত সামাজিক কর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন।
সুমনের পক্ষে আইনজীবী লিটন বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে তোলা হলে সকাল ১০টা ৮ মিনিটের দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় সুমনকে হাজতখানা থেকে বের করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা, দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে প্রতারণা করছেন আপনারা। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।’
মামলার এজহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে পৌঁছালে আসামির ছোঁড়া রাবার বুলেট তার শরীরের বিভিন্ন অংশে লাগে।
চিকিৎসার পর সুস্থ হলে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি মুগদা থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫১ জনকে আসামি করা হয়। ব্যারিস্টার সুমনের নাম ওই এজাহারে ২৫ নম্বরে রয়েছে।
২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে প্রথমবার গ্রেপ্তার করা হয়। পরদিন এক যুবদল নেতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।