নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা :
শ্রেণিকক্ষ, পর্যাপ্ত বেঞ্চ এবং শিক্ষকের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের ২৩ নং রোদারপুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের বারান্দায় চলছে পাঠদান। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে ৫২ শতাংশ জমির ওপর চারটি শ্রেণিকক্ষ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। নতুন শিক্ষানীতি অনুসারে নিকলী উপজেলার ২৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৪ সালে অষ্টম শ্রেণিকক্ষ খোলার লক্ষ্যে আপগ্রেড করে ষষ্ঠ শ্রেণি খোলা হয়। এর ধারাবাহিকতায় সপ্তম-অষ্টম শ্রেণিকক্ষ পাঠদান শুরু হয়। কিন্ত বাড়েনি স্কুলটির শ্রেণিকক্ষ, বেঞ্চ এবং অন্যান্য উপকরণ। এ বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ২৬৩ জন ছাত্র-ছাত্রী রয়েছে। সে অনুপাতে শিক্ষক দরকার নয়জন, কর্মরত রয়েছেন সাতজন। শ্রেণির কক্ষের দরকার আটটি রয়েছে পাঁচটি কিন্ত একটি কক্ষ কোনো কাজে লাগেনা । ফলে বাধ্য হয়ে শিশু শ্রেণির শিক্ষার্থীদের স্কুলের বারান্দায় চট বিছিয়ে ও এক রুমে একই সময় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। শ্রেণিকক্ষ সংকট ও প্রয়োজনের তুলনায় বেঞ্চের অভাবে শিক্ষার্থীরা দিন দিন বিদ্যালয়ে আসার আগ্রহ কমে যাচ্ছে। প্রয়োজনের তুলনায় শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাটদানে বিঘ্নিত হচ্ছে। বিদ্যালটিতে দুই শিফটে ক্লাস নেয়। সকাল সাড়ে নয়টা থেকে ১২ টা পর্যন্ত প্রথম শিফটে শিশু, প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, পঞ্চম, ষষ্ট ও সপ্তম এবং অষ্টম শ্রেণি ক্লাস নেয়। দুপুর সাড়ে ১২টায় শুরু হয় দ্বিতীয় শিফট তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির ক্লাস শেষ হয় বিকেল ৪টা ১৫ মিনিটে।

সরেজমিন আজ শনিবার (৬ জুলাই) পুড্ডায় ওই বিদ্যালয়ের গেলে সপ্তম শ্রেণির ছাত্রী রুপালী আক্তার, ষষ্ট শ্রেণির ছাত্রী মায়মুন আক্তার, অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার বলে, এক রুমে একই সময় তিনটি শ্রেণির ক্লাস শুরু হলে আমাদের পড়ায় মনযোগ দিতে পারিনা। তিন শ্রেণির স্যারদের ক্লাস পড়ার সময় প্রচুর কলরবের সৃষ্টি হয়। আমাদের জন্য স্যারদের বলে আরেকটি শ্রেণিকক্ষের ব্যবস্থা করে দেন না। বিদ্যালয়ের বারান্দায় চটে বসিয়ে শিশুশ্রেণির পাঠদান করাছেন। শিশুদের জন্য আলাদা একটি শ্রেণিকক্ষ থাকার সরকারি বিধান থাকলেও শ্রেণিকক্ষ সংকটের কারণে এ বিধান মানতে পারছে না। বৃষ্টি হলে শিশুরা দৌড়ে বাড়ি চলে যায়। প্রচুর রোদে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তা ছাড়া খোলা বারান্দায় ক্লাস করানোয় শিক্ষার্থীরা ঠিকমতো পাটদানে মনোযোগি হতে পারে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুল জানান, শ্রেণিকক্ষ, শিক্ষক সংকট ও আসবাবপত্র দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিত ভাবে ও মৌখিক অনেক বলেছি। কিন্ত তিনি বলেন, কইলেই সব হবেনা। সবুর করা লাগবো। এত সমস্যা থাকার পরও প্রতি বছর বিদ্যালটি সমাপনী পরীক্ষায় ১০ থেকে ১২ টি জিপিএ ৫ পেয়ে যাচ্ছে। সরকারি বিধান হলো কোনো প্রাথমিক বিদ্যালয়কে আপগ্রেড করে অষ্টম শ্রেণিতে উন্নতি করা হয়। তবে সেই বিদ্যালয়ে দুই জন বিএড শিক্ষক নিয়োগ দিবেন। কিন্ত পাঁচ বছরেও কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম মিয়া বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট, শিক্ষক ও আসবাবপত্র সংকটসহ বিল্ডিংয়ের প্লাস্টারগুলো পড়ে গিয়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় বিল্ডিংধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়গুলো আমি কয়েকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিত ভাবে জানিয়েছি। কিন্ত তিনি কোনো কর্ণপাত করেনা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইসলাম উদ্দিন বলেন, ওই বিদ্যালয়ের সমস্যার বিষয়গুলো জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।