কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়নের ধনু নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের মৃত শুক্কুর মিয়ার ছেলে আরিফ (৩২), দুলাল মিয়ার ছেলে ইউসুফ (৩৮) এবং হারুন অর রশিদের ছেলে হিরণ এলাইচ পরাণ (৩৫)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বিপুল পরিমাণে গাঁজাসহ নানা ধরনের মাদক সরবরাহ করে আসছিল। ঘটনার দিন তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে নৌকাযোগে গাঁজার চালান নিয়ে কিশোরগঞ্জের চামড়া বন্দর এলাকায় পৌঁছানোর চেষ্টা করছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিনের নির্দেশে এসআই এম নাইমুর ইসলাম মোস্তাকের নেতৃত্বে একটি টিম ধনু নদীতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। এ সময় নৌকা থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।