কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় সংগঠনের দুই নেতাকে বহিষ্কার করেছে যুবদল। বহিষ্কৃতরা হলেন—জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ।
শুক্রবার (২২ আগস্ট) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই বহিষ্কারাদেশ কার্যকর করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ দুই নেতা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।