কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম শরীফ (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শরীফুল ইসলাম যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ে কিশোরগঞ্জ থেকে ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম নিহত হন এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রাকটি জব্দ করা হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”