মাদকের ভয়াবহ ছোবলে হারিয়ে যাচ্ছে অনেক সম্ভাবনাময় কিশোর ও তরুণরা। এর হাত থেকে রক্ষা পাচ্ছেন না বৃদ্ধরাও। এমন পরিস্থিতিতে মাদক ব্যাবসায়ীদের প্রতিহত করতে ও মাদক সেবনের বিরুদ্ধে একাট্রা হওয়ার ঘোষণা দিয়েছেন এলাকাবাসি। তাঁরা এলাকার বিভিন্ন বয়সী সচেতন মানুষদের নিয়ে মাদক বিরোধী এক সমাবেশ করেছেন।
রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় মসজিদ কমিটির উদ্যোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নরপতি গ্রামের হাফেজ বাড়ীর সামনে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, স্থানীয় মিরদী ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম মোকাররম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইউসুফ আহমেদ।
স্থানীয় মালুমিয়া বাড়ি জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আঃ সাহিদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বুরুদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জসিম উদ্দীন বাচ্চু, বুুরুদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম, বুরুদিয়া ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহবায়ক সেলিম হোসেন, গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী নাজমুল আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এলাকায় দিন দিন মাদকে ছেয়ে যাচ্ছে। এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদকের ব্যাবসা চলছে। এলাকাবাসি অতিষ্ট হয়ে পড়েছে। উঠতি বয়সের যুবক ও তরুণরা এতে জড়িয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করতে এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে তরুণরা।
মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে সভায় বক্তারা বলেন, আজ থেকে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোরভাবে ব্যাবস্থা নিতে এলাকাবাসিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশকে আরো তৎপর হয়ে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে যার যার অবস্থানে থেকে মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানানো হয়। সভায় নরপতি গ্রামের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধীক স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।