কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান, এবতেদায়ী ও দাখিল মাদরাসার প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ।
সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম, উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খানসহ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইউএনও মো. কামরুল হাসান মারুফ বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত কার্যকর রাখতে উপজেলা প্রশাসন তদারকি টিম গঠন করবে এবং নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে। পাশাপাশি শিক্ষক-অভিভাবকদেরও সচেতন থাকতে হবে।