বিসিবির পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই পদত্যাগপত্র জমা দিয়েছেন ইশতিয়াক। তবে ঠিক কী কারণে পদত্যাগ করেছেন সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি।
বিসিবির বর্তমান কমিটিতে গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ইশতিয়াক। বোর্ড পরিচালকের পাশাপাশি সেই দায়িত্বেও আর থাকছেন না তিনি।
এদিকে ইশতিয়াক সাদেক গণমাধ্যমকে জানিয়েছেন, আমি আসলে পদত্যাগ করেছি, কারণ আমার মনে হচ্ছে আমি গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো এত বড় দায়িত্বে থেকেও ঠিক মতো সময় দিতে পারছি না। এটার জন্য আমি নিজের কাছে নিজেই অনুতপ্ত।
তার জায়গায় পরবর্তীতে যিনি দায়িত্ব নেবেন, তিনি এই বিভাগকে এগিয়ে নেবেন বলেও বিশ্বাস করেন ইশতিয়াক সাদেক। তিনি বলেন, আমি বিশ্বাস করি আমার জায়গায় যে আসবে সে যথেষ্ট সময় দিয়ে এই বিভাগকে এগিয়ে নেবে।
বোর্ডের সঙ্গে কোনো সমস্যা কিংবা কোনো পরিচালকের সঙ্গে সমস্যা হলো কি না প্রশ্নে তিনি বলেন, অবশ্যই না, বোর্ডের কারোর সঙ্গে কোনো সমস্যা নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমি নিজের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।