মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

বিদ্যুৎ বিলের কাগজ দেখিয়ে কলেজছাত্রীকে বিয়ে, তারপর…!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৭০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

প্রথমে প্রেম, তারপর পরিণয়। সেই সূত্র ধরে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে। অতঃপর বিচ্ছেদ। প্রথমে প্রেম, পরে বিয়ে, এরপর বিচ্ছেদ। অথচ এসবের কিছুই জানে না ভুক্তভোগী কলেজছাত্রী। এরই মধ্যে হঠাৎ এলাকায় গিয়ে কলেজছাত্রীকে স্ত্রী দাবি করে কাগজে-কলমে স্বীকৃত স্বামী। বিষয়টি অস্বীকার করলে কনের বাবার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন কথিত স্বামী। এমনই বিরল ঘটনা ঘটেছে নরসিংদীর বেলাবো উপজেলার পোড়াদিয়া গ্রামে।

বিষয়টি জানার পর কথিত স্বামী ও তার সহযোগীসহ চারজনের বিরুদ্ধে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কলেজছাত্রী। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে বেলাবো থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি-তদন্ত) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- বেলাবো উপজেলার পোড়াদিয়া গ্রামের আইয়ুব খানের ছেলে ও কথিত স্বামী খাইরুল আলম ওরফে সাব্বির খান, একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত করম আলীর ছেলে কাশেম, জাহিদুর রহমান ও মোমেন। আদালত ও মামলার এজাহার থেকে জানা যায়, পোড়াদিয়া কারিগরি মহাবিদ্যালয়ের ডিপ্লোমা কোর্সের চতুর্থ পর্বের ছাত্রী কনা আক্তারের বাড়ির বিদ্যুৎ বিল আবাসিকের স্থলে বাণিজ্যিক হিসেবে নেয় পল্লীবিদ্যুৎ সমিতি। তাই বিদ্যুৎ বিল কিছুটা বেশি আসে। বিষয়টি নিয়ে কলেজছাত্রীর বাবা আলাউদ্দিন স্থানীয় খাইরুল আলম ওরফে সাব্বির খানের সঙ্গে আলোচনা করেন। সাব্বির বিলটি সংশোধন করে দেয়ার দায়িত্ব নেন। বিষয়টি সমাধানে দুদিন তার বাড়ি যান সাব্বির।

ওই সময় তার কাছ থেকে বিল সংশোধনের জন্য সাদা কাগজে একটি আবেদনপত্র, কলেজছাত্রী ও তার বাবার দুই কপি করে ছবি নেয়া হয়। কিছুদিন পর কলেজছাত্রী কনা আক্তারের স্বাক্ষর জাল করে নরসিংদী নোটারি পাবলিকের কার্যালয়ে এসে বিয়ে সম্পন্ন করেন সাব্বির। তবে বিয়ের দিন নোটারি পাবলিকে যাননি কলেজছাত্রী। এমনকি বিয়ের ঘোষণাপত্রে স্বাক্ষরও করেননি।

পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে কলেজছাত্রী বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। নির্বাহী কর্মকর্তা বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) সমাধানের দায়িত্ব দেন। পরে স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়। কিন্তু এতে কোনো কাজ হয়নি। অবশেষে নিরূপায় হয়ে মঙ্গলবার নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কলেজছাত্রী কনা আক্তার।

এ বিষয়ে কলেজছাত্রী কনা আক্তার বলেন, অভিনব কায়দায় আমার বিয়ে নিয়ে প্রতারণা করেছে সাব্বির। আমাদের মান-মর্যাদা-সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। বিদ্যুৎ বিল সংশোধনের কথা বলে সে আমার ও বাবার ছবি নিয়েছে। তারপর আমার স্বাক্ষর জাল করে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছে। এলাকায় সালিশ-দরবার হলে সে আবার স্বাক্ষর জাল করে বিয়ে বিচ্ছেদ করে। কিন্তু আমি এসবের কিছুই জানি না। আমি তার সঙ্গে নোটারি পাবলিকে যাইনি, স্বাক্ষরও দেইনি। বিয়ে তো দূরের কথা তার সঙ্গে এর আগে আমার পরিচয়ও ছিল না। আমার প্রশ্ন হলো, আমার অনুপস্থিতিতে আইনজীবীরা এ অন্যায় কাজে তাকে সহায়তা করল কীভাবে? আমি এর বিচার চাই।

কলেজছাত্রী কনার বাবা আলাউদ্দিন বলেন, সাব্বির আমার দুর্বলতার সুযোগ নিয়েছে। আমি বিদ্যুৎ বিল সংশোধনের জন্য তার কাছে গিয়েছিলাম। কিন্তু জাল স্বাক্ষর ও প্রতারণা করে কাগজে-কলমে আমার মেয়েকে বিয়ে করেছে সাব্বির। আমার মান-সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে সে। আমি কখনো ভাবতেই পারিনি। উপজেলা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দিয়েছি আমি। কিন্তু কোনো বিচার পাইনি। তাই আদালতের দারস্থ হয়েছি।

তবে স্বাক্ষর জাল করে বিয়ে করার অভিযোগ অস্বীকার করে খাইরুল আলম সাব্বির বলেন, কনার সঙ্গে আমার চলাফেরা ছিল। ভালোবাসা ছিল। তারপর আমরা নোটারি পাবলিকে গিয়ে বিয়ে করেছি। পরে সে অন্য কারও পরামর্শে আমাকে ডিভোর্স দেয়। তারা আমার বিরুদ্ধে উপজেলা কর্মকর্তার কাছে অভিযোগ দেয়ার পর আমাকে ডাকা হয়েছিল। পরে আমি সব কিছুই খুলে বলেছি। তারপর এখন আদালতে মামলা করেছে তারা। আমি নিঃস্বার্থভাবে তার বাবার বিদ্যুৎ বিল কমিয়ে দেই। কোনো প্রতারণা করিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com