সিলেটে হজরত শাহজালাল (রহ.)–এর দরগাহ প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সারজিস আলম একের পর এক স্লোগান দিচ্ছেন এবং তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সেখানে উপস্থিত বহু মানুষ।
বুধবার (৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন, এভাবে স্লোগান দেওয়ার ফলে দরগাহের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে। আবার কেউ কেউ এ ঘটনার পক্ষে অবস্থান নিয়েও মন্তব্য করেছেন।
এ বিষয়ে এনসিপি সিলেট মহানগরের সদস্যসচিব কিবরিয়া সরওয়ার বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। এটি তারাবিহ নামাজ শেষে ঘটে। সেখানে বিপুলসংখ্যক জেনারেশন জেড (জেন-জি) তরুণ উপস্থিত ছিলেন। নেতাদের দেখে তারাই প্রথমে স্লোগান দিতে শুরু করেন। পরে সারজিস আলমও স্লোগানে অংশ নেন। এতে কোনোভাবেই দরগাহের ভাবগাম্ভীর্য নষ্ট হয়নি। উদ্দেশ্যমূলকভাবে বিষয়টি নিয়ে সমালোচনা করা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বুধবার বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অংশ নেন। পরে তারা হজরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে তারাবিহ নামাজ আদায় করেন।
নামাজ শেষে কেন্দ্রীয় নেতারা দরগাহ প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সেখানে উপস্থিত কয়েক হাজার মানুষ স্লোগান দিতে থাকেন। এ সময় নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত সেখান থেকে বের হয়ে যান। তবে সারজিস আলম একপর্যায়ে দরগাহ প্রাঙ্গণে অবস্থিত নারীদের ইবাদতখানার ছাদে উঠে স্লোগান দেন। তখন উপস্থিত অনেকেই তাঁর সঙ্গে স্লোগানে অংশ নেন।
এ সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামি না আজাদি আজাদি আজাদি’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
ঘটনার সমালোচনা করে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আবদুল করিম চৌধুরী (কিম) ফেসবুকে লিখেছেন, ‘সুলতানুল বাঙাল হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের সময় কখনো কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজারের আদব নষ্ট করেনি। কিন্তু গত রাতে এনসিপির নেতাদের আচরণ সুফি দরগাহের আদবের পরিপন্থী। নারীদের ইবাদতখানার ছাদে উঠে রাজনৈতিক স্লোগান দেওয়া অত্যন্ত দুঃখজনক।’
মাহতাব শাহ ফকির নামের আরেকজন ফেসবুকে লিখেছেন, ‘কোনটি দোয়ার স্থান আর কোনটি স্লোগানের মঞ্চ যারা এই পার্থক্য বোঝে না, তারা কীভাবে দেশের দায়িত্ব নেবে? সিলেট আধ্যাত্মিকতার নগরী, যেখানে ওলিদের স্মৃতি জড়িয়ে আছে। এখানে আবেগ নয়, আদবই সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। পবিত্র স্থানের মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।