বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘন এবং সংঘাতপূর্ণ অঞ্চলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পোপ চতুর্দশ লিও।
রবিবার (৩ মে) সেন্ট পিটার্স স্কোয়ারে সাপ্তাহিক প্রার্থনার শেষে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের ক্রমবর্ধমান হুমকির কথা তুলে ধরে পোপ লিও বলেছেন, আজকের দিনটি স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুত্বপূর্ণ।
পোপ সংঘাত ও যুদ্ধে আত্মদান সাংবাদিকদের স্মরণ করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, ‘যারা সত্য অনুসন্ধানে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের কৃতজ্ঞ চিত্তে স্বরণ করছি।’
সংবাদপত্রের স্বাধীনতাকে সমাজের একটি মৌলিক স্তম্ভ হিসেবে অভিহিতও করেন তিনি। সেই সঙ্গে প্রকাশ্য ও গোপন—উভয় ধরণের লঙ্ঘনের তীব্র নিন্দা জানান।
তিনি পূর্বেও সাংবাদিকদের কাজকে অপরাধ হিসেবে গণ্য করার বিরোধিতা করেছেন এবং অন্যায়ভাবে আটক বা নির্যাতিত সাংবাদিকদের মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
ভ্যাটিকান নিউজের তথ্য অনুযায়ী, পোপ গণমাধ্যমকে ‘মানবতার ক্ষত’ বলে অভিহিত করে সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়েছেন। তথ্যকে একটি ‘পাবলিক গুড’ (জনহিতকর বস্তু) হিসেবে বর্ণনা করেছেন, যা কারসাজি থেকে রক্ষা করাও জরুরি বলে যোগ করেন পোপ।
জাম্বিয়ার লুসাকায় ৪ মে এই বছর ইউনেস্কো আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের মূল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যার স্লোগান হলো ‘শান্তির ভবিষ্যৎ গঠন’।