মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সহিলাটী গ্রামের জামে মসজিদে বসেছে মৌমাছির মেলা। বহু বছর যাবৎ সারা বছরই বসে অসংখ্য মৌচাক। কখনোই কোনো মুসল্লিকে কামড় দেয়নি মৌমাছি। মৌচাক থেকে আহরিত মধু বিক্রির টাকা ব্যয় করা হয় মসজিদের উন্নয়ন কাজে—এমনটাই জানা যায়।

মঙ্গলবার (৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের সম্মুখভাগের প্রবেশপথের উপরের দিকে এবং পেছনের দেয়ালের ওপর একই লাইনে অসংখ্য মৌচাক ঝুলে আছে। এরই মাঝে মুসল্লিসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছে।

এসময় স্থানীয় মুসল্লি শাহাব উদ্দিন ও নুরুজ্জামান খানের সঙ্গে আলাপকালে জানা যায়, বহু বছর যাবৎ নিয়মিতভাবে মসজিদটিতে মৌচাক বসে। প্রথম বছর কম ছিল, তবে পরের বছরগুলোতে মসজিদে ও আশপাশের গাছে অনেকগুলো মৌচাক তৈরি হয়েছে। তারা জানান, নিয়মিত নামাজ আদায়ের জন্য তারা মসজিদে আসেন এবং তাদের মতো আরও অনেক মুসল্লিও আসেন। কিন্তু কখনোই মৌমাছি মসজিদ প্রাঙ্গণে কাউকে কামড় দেয়নি। মসজিদের মৌচাক দেখতে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসেন বলেও জানান তারা। স্থানীয়ভাবে মসজিদটি ‘মৌমাছির মসজিদ’ নামে পরিচিতি লাভ করেছে।

এ বিষয়ে মসজিদের ইমাম মাওলানা মামুন আহমাদ বলেন, কয়েক বছর ধরে বিশেষ করে শীত মৌসুমে মসজিদের দেয়ালের চারপাশে মৌমাছির চাক বসে। প্রথম দিকে মসজিদে নামাজ পড়তে আসা লোকজন ও সামনের পথ দিয়ে চলাচলকারীরা আতঙ্কে থাকতেন। এখন আর কেউ আতঙ্কিত হন না। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং নিয়মিত চলাচলের ফলে বিষয়টি এখন সবার কাছে স্বাভাবিক হয়ে গেছে।

তিনি আরও বলেন, আজ পর্যন্ত কোনো ব্যক্তি মৌমাছির কারণে ক্ষতির সম্মুখীন হননি। বরং মসজিদের দেয়ালে মৌচাক বসায় আমরা উপকৃত হচ্ছি। যখন মৌচাক সংগ্রহ করা হয়, তখন মধু বিক্রির টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। এছাড়া সকালে মসজিদের বারান্দায় শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয়, তাদেরও কোনো ক্ষতি হয়নি। মসজিদের বারান্দায় মৌচাক থাকায় এলাকাবাসীও সন্তুষ্ট।

মসজিদ কমিটির সভাপতি আবদুল হাই জানান, শুরুতে মৌমাছিরা মূলত শীতের শুরুতে বাসা বাঁধত। বর্তমানে প্রায় সারা বছরই মৌচাক তৈরি করছে। তিনি বলেন, মৌমাছি কাউকেই কামড় দেয় না। এমনকি মৌচাকের আশপাশ পরিষ্কার করতেও কোনো সমস্যা হয় না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com