কিশোরগঞ্জ, ৯ মে ২০২৬: কয়েকদিনের টানা বৃষ্টি কমে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কিশোরগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলার সবকটি মনিটরিং পয়েন্টেই পানির স্তর হ্রাস পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইটনা পয়েন্টে ধনু-বৌলাই নদীর পানি নেমে এসেছে ৩.১৪ মিটারে, যা আগের দিনের তুলনায় ১০ সেন্টিমিটার কম। একইভাবে চামড়াঘাটে মগড়া নদীর পানি ৮ সেন্টিমিটার কমে দাঁড়িয়েছে ২.৭৭ মিটারে। অষ্টগ্রামে কালনী নদীর পানি ৭ সেন্টিমিটার হ্রাস পেয়ে ২.৪০ মিটার এবং ভৈরব বাজারে মেঘনা নদীর পানি ৯ সেন্টিমিটার কমে ১.৫০ মিটারে অবস্থান করছে।
কর্তৃপক্ষ জানায়, জেলার সব নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন পয়েন্টে পানির স্তর বিপৎসীমার তুলনায় ১০১ থেকে ৪৩০ সেন্টিমিটার নিচে রয়েছে।
আবহাওয়ার উন্নতির ফলে হাওরাঞ্চলে কৃষি কার্যক্রমে গতি ফিরেছে। অনেক কৃষক পানিতে ডুবে থাকা জমি থেকে ধান কেটে উদ্ধার করছেন, আবার কেউ খলায় ধান শুকানো কিংবা দ্রুত ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও নৌকায় করে ধান পরিবহন করতেও দেখা যাচ্ছে।
তবে সংশ্লিষ্টদের মতে, উজান থেকে নতুন করে ঢল নামা বা ভারী বৃষ্টিপাত শুরু হলে পরিস্থিতি আবারও বদলে যেতে পারে। এতে নদ-নদীর পানি ফের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, সার্বক্ষণিকভাবে নদ-নদীর পানির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি কৃষকদের দ্রুত ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেন।
অন্যদিকে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলার ১৩টি উপজেলায় এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার ৪৭৯ হেক্টর জমির ধান পানির নিচে রয়েছে। এতে প্রায় সাড়ে ৫২ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিক হিসেবে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৬০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে।