লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় এক শিশুসহ একদিনে মোট ৩৯ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
শনিবার (৯ মে) লেবাননের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, এদিন ইসরায়েল পুরো দক্ষিণ লেবাননজুড়ে হামলা চালিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘সাকসাকিয়েহতে এক হামলায় প্রাথমিকভাবে এক বালিকাসহ সাতজন নিহত ও তিন শিশুসহ ১৫ জন আহত হয়েছিল।”
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছিল।
তারা আরও বলেছে, ঘটনার সঙ্গে জড়িত নয় এমন বেসামরিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রকাশিত এমন খবরগুলোর বিষয়ে ‘সজাগ আছে তারা’।
ঘটনাগুলোর বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে তারা, খবর বিবিসির।
১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েল সরকার ও লেবাবনের মধ্যে এক যুদ্ধবিরতি ঘোষণা করেন, কিন্তু তারপরও ইসরায়েল ও হিজবুল্লাহ পরস্পরের বিরুদ্ধে হামলা, পাল্টা-হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলের অধিকাংশ হামলাই দক্ষিণ লেবাননে সীমাবদ্ধ ছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত ব্যক্তি ও অবকাঠামোগুলোতে আঘাত হানছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বাহিনী একটি মোটরসাইকেলে আঘাত হানে। ওই মোটরসাইকেলে এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী কন্যা ছিল।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “প্রথম হামলার পর তারা ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হয়। এরপর ইসরায়েলি ড্রোনটি দ্বিতীয়বার হামলা চালায়। এতে ওই বাবা নিহত হন। এরপর ড্রোনটি ওই বালিকাকে লক্ষ্যস্থল করে তৃতীয় হামলা চালায়।”
গুরুতর আহত ওই বালিকাকে ‘জীবন রক্ষাকারী’ অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছে তারা।
এদিকে শনিবার হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ড্রোনযোগে হামলা চালিয়েছে। এতে তাদের তিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশটি জুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি নিহত হয়েছে। আর ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় মোট ২৭৯৫ জন নিহত হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে দক্ষিণ লেবাননে ১৭ জন ইসরায়েলি সেনা ও এক ইসরায়েলি সামরিক ঠিকাদার নিহত হয়েছে আর উত্তর ইসরায়েলি নিহত হয়েছে দুই বেসামরিক।