যশোর সদরে একটি কাভার্ড ভ্যান ইজিবাইককে চাপা দিয়ে আরেকটি ভ্যানকে ধাক্কা দিয়েছে। এতে ইজিবাইক যাত্রী মা-ছেলেসহ তিনজন ও ভ্যান চালকের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান।
নিহতরা হলেন- সদর উপজেলার রূপদিয়া সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৫) ও তার ছেলে সৌভিক সাহা (৫), আইয়ুব হোসেন (৪৩) এবং ভ্যান চালক রূপদিয়া গ্রামের আনোয়ার হোসেন (৬০)।
আহত মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি মাসুম খান বলেন, ‘‘সকালে খুলনা থেকে যশোরমুখী একটি কাভার্ড ভ্যান পথে যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দিয়ে অপর একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক আরোহী বৃষ্টি সাহা ও আইয়ুব আলী নিহত হন।’’
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম ভ্যান চালক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। পরে দুপুর ১টার দিকে সৌভিক চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসক তন্ময়।
সৌভিকের কাকা মিঠুন সাহা বলেন, বৃষ্টি সাহা ছেলেকে বিদ্যালয় থেকে বাড়ি নেওয়ার পথে এ ঘটনার শিকার হন।
এদিকে ঘটনার পর স্থানীয় জনতা কভার্ড ভানে আগুন ধরিয়ে দেন। এ সময় যশোর-খুলনা মহাসড়কে এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন জানান ওসি মাসুম খান।