মৌলভীবাজারের কমলগঞ্জে ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) এর মাধবপুর চা বাগানে গত এক বছরে আশাতিত উৎপাদন লাভ করেছে। দক্ষ ব্যবস্থাপনার কারণে সার্বিক উন্নয়ন ও চায়ের উৎপাদন আশাতিত বলে সংশিষ্টদের দাবি হলেও একটি সুবিধাভোগীদের অপচেষ্টায় চা বাগানে মাঝে মাঝে শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।
মাধবপুর চা বাগানের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০১৮ সনের তোলনায় ২০১৯ সনে ৯ মাসে মাধবপুর চা বাগানে প্রায় দ্বিগুণ পরিমাণ চা উৎপাদন হয়েছে। গত বছরের মার্চ মাস থেকে ২ নভেম্বর পর্যন্ত ৯ মাসে বাগানে চা উৎপাদন হয় ২ লাখ ৭১ হাজার ১৪৩ কেজি। এ বছর মার্চ মাস থেকে ২ নভেম্বর পর্যন্ত ৯মাসে চা উৎপাদন হয় ৪ লাখ ১৬ হাজার ৩৭৩ কেজি। তবে আগামী ডিসেম্বর পর্যন্ত চায়ের উৎপাদন মৌসুম রয়েছে। চা সংশ্লিষ্ট ও চা শ্রমিকরা মনে করেন চা বাগানে দক্ষ ব্যবস্থাপনার কারণে নানা ক্রটি বিচ্যুতি কাটিয়ে প্লান্টেশন সমুহে চায়ের উৎপাদন বৃদ্ধিকল্পে ভূমিকা গ্রহণ করা হয়। ব্যবস্থাপনার (ম্যানেজমেন্ট) এসব তৎপরতা ও শ্রমিকদের চেষ্টার ফলে একদিকে বাগানের উন্নয়ন তরাম্বিত হলেও দীর্ঘদিন থেকে অবৈধভাবে সুবিধাপ্রাপ্ত কতিপয় ব্যক্তিদের গাত্রদাহ শুরু হয়। ফলে চা বাগানের অবৈধ সুবিধাবঞ্চিত কিছু ব্যক্তিবর্গের অপ চেষ্টায় চায়ের উৎপাদন ও চা শ্রমিকসহ বাগানের উন্নয়ন বাঁধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সাধারণ শ্রমিকরা অভিযোগ তোলেছেন।
মাধবপুর চা বাগান শ্রমিক লক্ষ্মী নারায়ন কৈরী, রিপন নুনিয়া, এনামুল হক, রামলাল দাস, নাসির উদ্দীন, আব্দুল লতিফ, জামাল আহমদসহ অর্ধশতাধিক চা শ্রমিক জানান, বর্তমান ব্যবস্থাপনার (ম্যানেজমেন্টের) দক্ষতার কারণে এবং চা শ্রমিকদের আন্তরিক প্রচেষ্টায় চায়ের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তবে কিছু অবৈধ সুবিধাভোগী ব্যক্তিরা নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে নানা সময়ে কিছু সংখ্যক চা শ্রমকিদের উসকিয়ে দিয়ে চা বাগানে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করেন। ফলে মাঝে মাঝে চা বাগানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
চা শ্রমিকরা বলেন, গত ২৯ অক্টোবর চা বাগানে একটি বহিরাগত চক্রের মাদক ব্যবসা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুবিধা বঞ্চিত চক্রের উসকানিতে কিছু সংখ্যক চা শ্রমকি উন্নয়ন ও উৎপাদনের রুপকার মাধবপুর চা বাগানের প্রধান ব্যবস্থাপক চৌধুরী মুরাদ হোসেনকে বদলির জোর দাবি জানায়। চা শ্রমিকদের তাৎক্ষনিক এ দাবির ফলে কর্তৃপক্ষ ব্যবস্থাপককে বদলি করার সিদ্ধান্ত নেন। অন্য দিকে চা বাগানের সার্বিক উন্নয়নের কথা ও শ্রমিকদের আর্থসামাজিক উন্নতির কথা বিবেচনায় রেখে ব্যবস্থাপককে বদলি না করে মাধবপুর চা বাগানে রাখার জন্য এনটির কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক মাহমুদ হাসানের কাছে গত ২ নভেম্বর লিখিতভাবে দাবি জানিয়েছেন বলে আবেদনকারী চা শ্রমিকরা জানান।
মাধবপুর চা বাগান ব্যবস্থাপক চৌধুরী মুরাদ হোসেন বলেন, গত বছরের তুলনায় এ পর্যন্ত দেড় লাখ কেজি বেশি চা পাতা উৎপাদন হয়েছে। চা বাগানের সার্বিক উন্নয়নে আমার চেষ্টার কোন ক্রটি ছিল না। অবশ্য এ কাজে সাধারণ চা শ্রমিকরা সার্বিক সহযোগিতা করেছেন বলেও তিনি জানান।
ন্যাশনাল টি কোম্পানী কমলগঞ্জের উপ-মহাব্যবস্থাপক মাহমুদ হোসেন জানান, মাধবপুর চা বাগানে উৎপাদন রেকর্ড যথেষ্ট ভালো। শ্রমিক ও ম্যানেজমেন্টের আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। তবে মাধবপুর চা বাগানের কম্পাউন্ডারের বরাদ্ধকৃত বাসা নিয়ে ভূল বুঝাবুঝির কারণে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বিক্ষোব্ধ চা শ্রমিকরা সেটি বুঝতে পেরেছেন। ব্যবস্থাপকের বদলি রোধ করে তাকে এ চা বাগানে রাখার বিষয়ে তিনি বলেন, চা শ্রমিকরা আবেদন করেছে, এখন উর্দ্ধতন কর্তৃপক্ষ সেটি নিয়ে চিন্তা ভাবনা করবে।