কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া-সিংপুর সড়কটি সংস্কার করা হয়েছিল প্রায় এক যুগ আগে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পাঁচ কিলোমিটারের সড়কটি এখন ভরে গেছে অসংখ্য গর্তে। ফলে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় লোকজন।
গত ২ জানুয়ারী সরেজমিনে দেখা গেছে, সড়কের স্থানে স্থানে পিচ ঢালাই উঠে গেছে। গাড়ি চলাচল করার সময় চারদিকে ধুলাবালু উড়ছে । এ রাস্তায় যাতায়াতকারী লোকজন নাকে কাপড় গুঁজে চলাচল করছেন। স্থানীয় বাসিন্দা নজরুল মিয়া, সামছুল হক, জসিম উদ্দিন, বাবুল মিয়া একই সুরে জানান, সড়কটি দিয়ে সদর ও দামপাড়া ইউনিয়নের হাজারো বাসিন্দা প্রতিদিন আসা-যাওয়া করে। চলাচল করে মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা, ও ট্রাক।
সড়কের দুই পাশের অধিকাংশ বাসিন্দাই কৃষক। সড়ক ভাঙা থাকায় তাঁদের উৎপাদিত পণ্য পাশের হাটবাজারে নিয়ে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় আলীয়া পাড়া গ্রামের বাসিন্দা খোকন মিয়া (৪০) বলেন, আট-দশ বছর ধরে সড়কটির এমন বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সড়কটি দিয়ে নিয়মিত চলাচল করেন নিকলী সরকারি মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থী মানিক মিয়া। তিনি বলেন, সড়কটি অনেক দিন আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গাড়ি চলার সময় ধুলাবালুর অত্যাচার সয়ে চলাচল করতে হচ্ছে। সড়কটি সংস্কারের ব্যবস্থা করা না হলে এ সড়ক দিয়ে হেঁটে চলাচল করাও সম্ভব হবে না।
সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ আলী (৩৪) ও কলিম উদ্দিন (৩৬) জানান, সড়কটি দিয়ে গাড়ি চালাতে গেলে প্রায় সময়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। ধুলাবালুর কারণে যাত্রীরা বিরক্তিবোধ করেন। খানাখন্দে পড়ে অনেক সময় গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা দরকার। দামপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের বলেন, সড়কটি সংস্কার করা হয়েছিল প্রায় এক যুগেরও বেশি সময় আগে। এরপর আর হাত পড়েনি। সড়কটি দিয়ে দুটি ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ চলাচল করে। তারপরও সড়কটি সংস্কারের ব্যবস্থা হচ্ছে না।
সিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সাংসদ মো. আফজাল হোসেনের কাছে আবেদন করা হয়েছে। তিনি সড়কটি সংস্কারের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নিকলী উপজেলা প্রকৌশলী মো. আবদুর রহমান মুহিম বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় লোকজনকে কষ্ট সহ্য করে চলাচল করতে হচ্ছে। স্থানীয় সাংসদ সড়ক সংস্কারের ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রকল্প তৈরির জন্য বলেছেন। তাই অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। আশা করছি, অর্থ অনুমোদন সাপেক্ষে কিছু দিনের মধ্যে সংস্কারকাজ শুরু হবে।