মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সারাদেশের ন্যায় বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
বিদ্যার দেবীর এই পূজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ভক্ত পূণ্যার্থীদের ঢল নামে। সকালে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা বিদ্যা এবং জ্ঞান লাভের আশায় সরস্বতী রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। পূজা চলাকালীন ঢাকের শব্দ আর উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজা মান্ডপ। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ বছর কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব সংগঠন মিলিয়ে তিনশতাধিক মন্ডপে একযোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়।
এদিকে সরস্বতী পূজা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার সরকারি গণ মহাবিদ্যালয়, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ,কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, আম্বিয়া কেজি স্কুল ও উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
এছাড়াও কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ, মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, হাজী মো: উস্তার বালিকা উচ্চ বিদ্যালয়, এমটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।