কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম খাঁন বাড়িতে সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে ওয়ারেন্টভুক্ত দুই আসমিকে গ্রেপ্তার করতে গিয়ে তিন এস আই আহত, গ্রেপ্তারকৃত আসামি রুবেলকে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়। এ ব্যাপারে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে।
থানা সূত্র জানান, সোমবার গভীর রাতে নিকলী থানার পাঁচজন এস আই উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম খাঁন বাড়িতে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ির প্রায় ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমন করে আসামি রুবেলকে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে এস আই, মাকসুদুল হক মাথায় গুরুতর জখম হয়। রাতেই ঐ পুলিশকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এস আই শহিদুল্লা ও এসআই শফিকুলকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার স্থল থেকে চার জনকে গ্রেপ্তার করেছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম ছিদ্দিকী বলেন , এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নিকলী থানায় পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুইটি মামলার প্রস্তুতি নিচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।