র্যাবের দুটি পৃথক অভিযানে কিশোরগঞ্জে ৬২৫ পিস ইয়াবাসহ মো. রোকন উদ্দিন (৩৪) ও মো. মাহমুদুল হাসান জনি (৩০) নামে দুই জনকে আটক করেছে র্যাব।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের মনিপুরঘাট এবং মুকসেদপুর পল্লী বিদ্যুৎ এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে তারা আটক হয়। ইয়াবাসহ আটক হওয়া দুই জনের মধ্যে মো. রোকন উদ্দিন জেলার কটিয়াদী উপজেলার দেওজান গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে এবং মো. মাহমুদুল হাসান জনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি বারপাড়া গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২ জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের মনিপুরঘাট এবং পুলিশ লাইন পল্লী বিদ্যুৎ এলাকায় র্যাব দুটি পৃথক অভিযান করে। অভিযানে কিশোরগঞ্জ জেলা শহরের মনিপুরঘাট থেকে ৫৮৫ পিস ইয়াবাসহ মো. রোকন উদ্দিনকে আটক করা হয়। অন্যদিকে মুকসেদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. মাহমুদুল হাসান জনিকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনেই ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. রোকন উদ্দিন ও মো. মাহমুদুল হাসান জনির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।