মাদক সেবনের দায়ে মো. নিজাম (৩৬) ও শহীদুল ইসলাম (৩৬) নামে দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা’র নেতৃত্বে একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় তিন পিস ইয়াবাসহ তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেয়া হয়। দুই মাদকসেবীর মধ্যে মো. নিজাম কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল কাটাখালী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং শহীদুল ইসলাম একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে মো. নিজামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং শহীদুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।