কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ বাস স্ট্যান্ড এলাকা থেকে ৪.৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ’সহ ০৪ জন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাস স্ট্যান্ড এলাকায় কতিপয় মাদক সেবনকারী মাদক সেবন করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল আজ বিকেলে সাড়ে ৫টায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বত্রিশ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ মাহবুবুর রহমান (৫২), মুসতাককীন(৩০), মোঃ আল-আমিন(৪২) ও মোঃ আতিক (৩২) কে আটক করা হয়। মো. মহাবুবুর রহমান শহরের নিউটাইন এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে। মুসতাকীন শহরের নিউটাউন এলাকার মৃত আঃ আমিনের সন্তান। মো. আল-আমিন বত্রিশ এলাকার মৃতঃ মাছুম আলী মুন্সির ছেলে। মো. আতিক একই এলাকার সামছুজ্জামানের ছেলে।
গ্রেফতারকৃত আসামীগণের নিকট হতে ৪.৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। পরে আসামীদেরকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ১নং আসামীকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭দিনের বিনাশ্রম কারাদন্ড, ২নং আসামীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৩নং আসামীকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৪নং আসামীকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।