কিশোরগঞ্জ সদরের জেলা স্মরনী মোড়, বত্রিশ এলাকা থেকে আধা লিটার দেশীয় তৈরী চোলাই মদ’সহ এক জন মাদক সেবনকারীকে তিন মাস মেয়াদে সাজা প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন জেলা স্মরনী মোড় বত্রিশ এলাকায় একজন মাদক সেবনকারী মাদক সেবন করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল আজ সাড়ে বারোটায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন জেলা স্মরনী মোড় বত্রিশ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হেলিম মিয়া (২৫), পিতাঃ মোঃ কালাম মিয়া, সাং-বৌলাই, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে দেশীয় তৈরী চোলাই মদ পান করার সময় গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে আধা লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেন। উক্ত আসামীকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড পাঁচশত টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।