সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জলাশয় নিয়ে প্রতিপক্ষের হামলায় শাহ আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় তার বাবাসহ আহত হয়েছেন আরও তিনজন। তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সলপ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের আব্দুল জব্বার, আব্দুর রহমান ও মাসুদ। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহতেরা জানান, একটি জলাশয় নিয়ে সকালে শাহ আলমের সঙ্গে একই গ্রামের আলী সাহার কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে খাওয়া-দাওয়া শেষ করে বাজারের দিকে যাওয়ার পথে শাহ আলমের ওপর হামলা চালায় আলী সাহা ও তার লোকজন। এ সময় শাহ আলমের বাবা আব্দুল জব্বারসহ স্বজনেরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এক পর্যায়ে আলী সাহার লোকজন ধারালো ফলা দিয়ে শাহ আলমের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাতে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।