মৌলভীবাজারের কমলগঞ্জে করনোভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে অনেকটা জোর করে পুলিশি সহযোগীতায় হোম কোয়ারেন্টিনে রাখার চেষ্টা করছে প্রশাসন। সেখানে অন্যরকম একটি দৃষ্টান্ত দেখালেন শুক্রবার দেশে ফেরত এক প্রবাসী। তার নাম নির্মল কুমার সিংহ।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মধ্য তিলকপুর গ্রামে বাড়ি । দুবাইতে একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নির্মল সিংহ বিমান বন্দর থেকে নেমেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজেই পোষ্ট করেছেন ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকবেন। পাশাপাশি অন্য প্রবাসীদেরও এ নিয়ম তা মানতে অনুরোধ করেছেন। তার এমন মহতি কাজ ফেইসবুকে ভাইরাল হয়েছে। তার পোষ্টটি সর্বমহলে প্রশংসিত হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া জানান, দুবাই ফেরত নির্মল সিংহ নিজেরই হোম কোয়ারেন্টিনে যাবার বিষযটি প্রশংসার দাবি রাখে।
ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া আরও বলেন,শনিবার সন্ধ্যা পর্যন্ত নতুন ১৪ জনসহ কমলগঞ্জে মোট ৮০জন হোম কোয়ারেন্টিনে আছেন। তার মধ্যে ৬জনকে ছাড়পত্র দেয়ায় বর্তমানে ৭৪জন হোম কোয়ারেন্টিনে আছেন।