মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউপির ধলাইরপার গ্রামে আকস্মিক সৃষ্ট অগ্নিকান্ডে দুটি ঘর পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।
সোমবার সকাল ১১টায় ধলাইরপার গ্রামে আলফু মিয়ার বাড়ির মোদীর দোকানে এ অগ্নিকান্ড ঘটে। ক্ষতিগ্রস্ত আলফু মিয়া জানান, তার ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগে দোকান ও বসতঘরসহ দুটি ঘর সম্পূর্ণরুপে পুড়ে গেছে। আগুনে দোকানের সব সামগ্রী ও বসতঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসেস এন্ড রেসকিউ দল এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু জানান তারও ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। তবে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসেস এন্ড রেসকিউ দল জানাচ্ছেন সম্ভবত বাড়ির ঘর সংলগ্ন একটি খড়ের গাদায় কোনভাবে লাগা আগুনটি পরবর্তীতে ঘরে লেগে গেছে।