সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত মুক্তি এবং অবিলম্বে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (১৯ মে) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী সভাপতি ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ।
মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত মুক্তি এবং অবিলম্বে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।