সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর বাস ও ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় দুর্ঘটনাকবলিত ট্রলিতে আগুন ধরে গেলে র্দীঘসময় সেতুর উত্তরবঙ্গগামি লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে সেতু পশ্চিম গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
রবিবার ভোররাত সাড়ে চারটার দিকে সেতুর ১৮ নং পিলারের কাছে উত্তরবঙ্গগামি লেনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতেরা হলো, নীলফামারির ডিমলা উপজেলার গয়াবাড়ি এলাকার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫) ও একই এলাকার মজনু (৩৩)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম জানান, রবিবার ভোররাত সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ অংশে ১৮ নং পিলারের নিকট উত্তরবঙ্গগামি লেনে শ্যামলি পরিবহনের যাত্রিবাহি একটি বাস মাটিবাহি ট্রলিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ট্রলিটিতে আগুন ধরে যায়। ট্রলির পিছনে থাকা সাত যাত্রি গুরুতর আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ও ট্রলির আগুন নিয়ন্ত্রনে আনে। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে মজনু ও নজরুল ইসলাম নামে দুইজনকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।
এদিকে দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ থাকায় সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত পাচ কিলোমিটারব্যাপি তিব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রিরা। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।