কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরের পানি থেকে শিশুকে বাঁচাতে গিয়ে পারভেজ মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বেরিবাঁধ সংলগ্ন প্রেমঘাটে এ ঘটনা ঘটে। পারভেজ একই জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এলেম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে নিকলী সদর ইউনিয়নের টিক্কলহাটি গ্রামের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান পারভেজ। বৃহস্পতিবার দুপুরের দিকে আত্মীয়ের ছেলে নাইদুলকে (৭) সঙ্গে নিয়ে পারভেজ ও তার স্ত্রী নাসিমা বেরিবাঁধ সংলগ্ন প্রেমঘাটে গোসল করতে যান। তিনজন একসঙ্গে পানিতে নামার পর নাইদুল হাওরের পানির টানে দূরে চলে গিয়ে হাবুডুবু খেতে থাকে। এ সময় পারভেজ সাঁতরে নাইদুলকে উদ্ধার করে কোনোরকমে স্ত্রী নাসিমার হাতে তুলে দিয়ে তিনি হাওরের পানিতেই ঢলে পড়েন। এ অবস্থা দেখে নাসিমা চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর হাওরের পানি থেকে পারভেজকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এভাবে শিশুকে বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।