কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় ব্রহ্মপুত্র নদে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দক্ষিণ চরটেকী এলাকাবাসী এ প্রতিযোগীতার আয়োজন করে।
এর আগে নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকে শিশু থেকে শুরু করে নারী পুরুষ ও বৃদ্ধসহ হাজারও জনতার ঢল নামে নদপাড়ে। নৌকাবাইচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে ভেসে আসে বিভিন্ন রকমের গান আর হইহুল্লোড়ের প্রতিধ্বনি। কেউ কেউ আবার নৌকা-ট্রলার নিয়ে প্রতিযোগীদের সঙ্গে সঙ্গে ছুটে বেড়ান। কেউবা আবার করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। এতে প্রতিযোগীরাও অনুপ্রাণিত হন। এসময় নদপাড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এতে পাকুন্দিয়া উপজেলাসহ আশপাশের গফরগাঁও ও হোসেনপুর উপজেলা থেকেও নৌকাদল নিয়ে প্রতিযোগীতায় অংশ নেয় অনেকে। প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী ব্রহ্মপুত্র ক্লাবের কাঞ্চন ব্যাপাীর নৌকাদল। দ্বিতীয় লাভ করে হোসেনপুর উপজেলার চর হাজীপুরের রুহুল আমীনের নৌকাদল এবং তৃতীয় হয় গফরগাঁও উপজেলার কফিল উদ্দিনের নৌকাদল।
প্রতিযোগীতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অর্জনকারীকে পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে এলইডি টিভি ও তৃতীয় স্থান অধিকারী নৌকাদলকে এন্ড্রয়েট মোবাইল ফোন প্রদান করা হয়।
প্রতিযোগীতা অনুষ্ঠানে চরফরাদী ইউপির তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.রেনু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফরাদী ইউপি চেয়ারম্যান মো.কামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো.হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম মোনায়েম ও সাংবাদিক মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।