চট্টগ্রামে অকটেন ও ডিজেল পরিমাণে কম দেয়ায় দুই ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
সোমবার নগরীর ফিলিং স্টেশনগুলোতে চট্টগ্রাম জেলা প্রশাসনের চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, বিএসটিআই ও সিএমপির সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে আটটি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলিলিটার ও অকটেনের প্রতি ১০ লিটারে ৪৪০ মিলিলিটার কম পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে হাজি এ ওয়াজেদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলিলিটার কম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট দুটি মামলায় এক লাখ টাকা আদায় করা হয়েছে। জনভোগান্তি রোধে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।