কিশোরগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেছেন, থানায় আগের চেয়ে ভালো সেবা পাবেন। আজ শনিবার কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, যেকোনো অপরাধের ক্ষেত্রে আগের চেয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে পুলিশ। স্থানীয় সমস্যা বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, গোষ্ঠীগত দ্বন্দ্ব ইত্যাদি প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জকে কিভাবে নিরাপদ রাখা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অপরাধ নির্মূলে আপনারা তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করলে পুলিশের কাজে সহায়ক হবে। তেমনি সংবাদ সংক্রান্ত যেকোনো কাজে পুলিশও দ্রুত সাড়া দেবে বলে আশ্বস্ত করেন তিনি।
এছাড়াও, কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন হোসাইন, কিশোরগঞ্জের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।