২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর ২৫তম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। ইউরোপ ও আমেরিকার অনেক শক্তিশালী দেশকে আমরা ছাড়িয়ে যাব। বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে এবং নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে “ইন হাউজ প্রশিক্ষণে” কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার এসব কথা বলেছেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান খানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।
বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ। তিনি বলেন, শিক্ষকরাই একটা জাতিকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারেন। পাঠ্য পুস্তকের বাইরেও শিক্ষার্থীদের নতুন নতুন প্রযুক্তি বিষয়ে ধারনা দিতে হবে। কারণ, আগামীর বিশ্ব হবে রোবটিক বিশ্ব।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক ট্রেনিং কো -অর্ডিনেটর ফারজানা রহমান, কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আশরাফুল হক প্রমুখ।
“ইন হাউজ প্রশিক্ষণে” অতিথিদের সামনে কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করেন।