জামালপুরে কলেজছাত্রী গোসল করার সময় গোপনে ভিডিও ধারন করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে মারুফ (২৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জামালপুর শহরের বামুন পাড়া বিট পুলিশিং কার্যালয়ে শনিবার রাতে বসা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন চিরান এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মারুফ মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের আমেত্তি মধ্যপাড়া গ্রামের মৃত মনোহর আলীর ছেলে।
মেয়েটির পরিবার ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই কলেজছাত্রী গোছল করার সময় গোপনে ভিডিও ধারন করে মারুফ। পরে ফেসবুক ম্যসেঞ্জার ও চিরকুট পাঠিয়ে দাবি করে তার সাথে ওই কলেজছাত্রীকে দেখা করার জন্য। দেখা করলে ভিডিও ডিলিট করে দেয়া হবে। তা নাহলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দিয়ে আসছিল। ওই কলেজছাত্রী বিষয়টি পরিবারের কাছে জানায়। পরিবার স্থানীয় প্রশাসন ও পুলিশের সাহায্য নেয়।
পরে জামালপুর সদর থানার এএসআই হাসান হাবিবের নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় জনতা ফাঁদ পেতে ওই ছাত্রীকে দিয়ে ডেকে এনে মারুফকে আটক করে। আটকের পর বামুনপাড়া বিট পুলিশিং অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফেসবুক মেসেঞ্জারে দেয়া হুমকির মেসেজ ও অডিও কল রেকর্ডসহ তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত মারুফকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। দণ্ডপ্রাপ্ত মারুফকে রোববার সকালে জেলে পাঠানো হয়েছে।