মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সড়কের পাশে লাগানো গাছ চুরি কোন ভাবেই থামছে না। রাতের আঁধারে গাছ গুলো নয়মিত কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে এই সড়কে কেটে ফেলা ৭টি গাছের ডালপালা পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানায়, রাতের আঁধারে উপজেলার আদমপুর থেকে কুমরা ঘাট এলাকার মধ্যে সড়কের পাশে বড় আকারের সাতটি আকাশ মনি ও মেহগনি গাছ কেটে নিয়ে যায়। সম্প্রতি সময়ে এই সড়কে রাতের আঁধারে প্রায় ৩০ টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা গাছ চুরির বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে ঘনঘন গাছ চুরি হচ্ছে বলে তারা জানান।
এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ চোরদের উপদ্রবে সড়ক সংলগ্ন গাছগুলোকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে এই সড়ক থেকে প্রায় ৩০ টি গাছ চুরি হয়েছে। এ বিষয় নিয়ে আমি উপজেলা আইনশৃঙ্খলা সভায় কয়েকবার আলোচনা করেছি।
উপজেলার প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, সড়কের পাশের গাছ চুরির বিষয়টি অত্যান্ত দুঃখ জনক। এর আগেও এই সড়ক থেকে গাছ চুরি হয়েছে। তিনি আরও বলেন, বিগত আইনশৃঙ্খলা সভায় এমপি মহোদয়ের উপস্থিতি এ বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। একই সাথে আমার উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।