পুলিশের সেবা জনগণের দোর গোড়ায় পৌছে দিতে এবং জনতার সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে পাকুন্দিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) পাকুন্দিয়া থানা পুলিশের আয়োজনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন রশিদ জুয়েল, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ আক্তার, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. মেজবাহ উদ্দিন, নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদসহ পুলিশের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনতা পরস্পর একে অপরের বন্ধু। সাধারণ জনগণ পুলিশের শত্রু নয়। সমাজকে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশ সেবা সমাজের দোর গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করতে যাচ্ছে। পুলিশ জনগণের সেবক বন্ধু হয়ে সব সময় পাশে থেকে কাজ করে যাচ্ছে।