নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে কিশোরগঞ্জ বড়বাজার গাজী মার্কেটের মা-বাবা এন্টারপ্রাইজকে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ৮৮২ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (ক) ধারা লংঘনের অপরাধে এ জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশে পরিবহন ও ব্যবহার রোধকল্পে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।