জাতীয় চার নেতার অন্যতম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহিদ সৈয়দ নজরুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম ম্যুরাল বিকৃতির ঘটনায় বুধবার রাত পর্যন্ত কেউ শনাক্ত হয়নি। এ ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরিও (জিডি) হয়নি।
এদিকে সৈয়দ আশরাফের চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু কে পাঁচটি উড়ো চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গতকাল (মঙ্গলবার) রাতে কিশোরগঞ্জ মডেল থানায় একটি জিডি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, একটি উগ্রপন্থী জঙ্গি সংগঠন এই চিঠি দিয়েছে।
সৈয়দ আশরাফের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের নেতারা ম্যুরাল বিকৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা করে জেলা আওয়ামী লীগ।
উল্লেখ্য যে, গত রোববার দিবাগত রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ আশরাফের ম্যুরালে কালো রং লেপন করে দুটি মুর্যাল বিকৃত করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।