মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর (শায়েখ চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এ জাতিকে ধ্বংস করার চক্রান্ত চলছে। অস্ত্রের মুখে এ দেশে কোনো সরকার থাকতে পারে নাই। বৃটিশ থাকতে পারে নাই, আইয়ুব খান থাকতে পারে নাই। আওয়ামী লীগকে বলতে চাই, বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় থাকা যাবে না। বাম ও রামদের কোনো শক্তি এদেশের মানুষ তোয়াক্কা করে নাই, করবেও না। বহু দলের শাসন আমরা দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। এর কারণটা কি? এর কারণ হলো নেতার পরিবর্তন হয়েছে নীতি ও আর্দশের পরিবর্তন হয়নি। যতক্ষণ পর্যন্ত নীতি ও আর্দশের পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত ভাগ্যের পরিবর্তন হবে না।
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। এদেশে একসময় শুনেছি হাওয়া ভবন, খাম্বা কেইস, ট্রান্সফার কেইস, খাম্বা বিক্রি করে, ট্রান্সফার বিক্রি করে অনেক টাকা বিভিন্নভাবে লুটপাট করা হয়েছে। এখন আমরা কি দেখি পাচার কেইস, কখনো পত্রিকায় দেখি ১০ লাখ কোটি টাকা, কখনো দেখি ১৪ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। এক কেজি নাটবল্টুর দাম এক কোটি টাকা, পর্দার দাম ৮০ লাখ টাকা। দেশে সব লুটপাট, সব চুরি আর ডাকাতি চলছে। সব দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতি ও আর্দশের পরিবর্তন হয়নি। এজন্য আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত এদেশে নীতি ও আর্দশের পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত এ দেশে শান্তি আসবে না। আমরা চাই নীতি ও আর্দশের পরিবর্তনের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, এ দেশে শান্তি ফিরিয়ে আনতে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি মু’তাসিম বিল্লাহ মুত্তাকীর সভাপতিত্বে যুব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস শোয়াইব আব্দুর রউফ, জামিয়া কারীমিয়া মুহতামিম শফিকুল ইসলাম ফারুকী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নোমান আহমাদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি কফিল উদ্দিন। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মদ মারুফ শেখ। বিশেষ বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জোবায়ের আহমাদ। সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ এমদাদুল ইসলাম।
সম্মেলন শেষে ২০২৩-২৪ সেশনের জন্য মুহাম্মদ রবিউল ইসলাম শাহীনকে সভাপতি ও এমদাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। এসময় আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।