কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. হেলাল উদ্দিন। এর আগে তিনি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ শাখা) সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ডা. হেলাল উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে (এম-২১ ব্যাচ) এমবিবিএস পাস করেন। এরপর তিনি ১৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। পরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, নরসিংদী জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আবারও তিনি স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সিডিসি) এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ডা. হেলালের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রৌহা এলাকায়।