ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে সাজানো হচ্ছে বধূসাজে। আর ৬০ জন বর যাত্রী নিয়ে গেটের লাল ফিতা কেটে খাওয়ার খেতে বসেছেন বরযাত্রীরা। তাদের নিয়ে ব্যতি ব্যস্ত বিয়ে বাড়ির লোকজন। আকস্মিকভাবে সেখানে হাজির হন এ্যাসিলান্ড। বাল্যবিয়ের অপরাধে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না-এই মর্মে মুচলেকা নেয়া হয় অভিভাবকদের।
শুক্রবার বিকেল ৪ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে এঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালতকে সহযোগীতা করে থানা পুলিশ।
বিয়ে বাড়ির লোকদের ভাষ্য, গত ২৯ অক্টোরব নোটারী পাবলিক করে আদালতের মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সাথে কুষ্টিয়ার হরিপুর এলাকার এক ব্যবসায়ীর পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। আজ আনুষ্ঠানিক ও সামাজিকভাবে বিয়ের আয়োজন করা হয়।
এ বিষয়ে কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আসর ভেঙে দেয়া হয়। বাল্য বিয়ের আয়োজন করায় বরকে বাল্য বিবাহ নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না-এই মর্মে অভিভাবকদের মুচলেকা ও ভূয়া বিয়ের কাগজপত্রাদি জব্দ করা হয়।