নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৯০ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি দোতলা মাটির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- তুলার বাঐল গ্রামের এজামুলের ছেলে হামেদুল ইসলাম (৩৫) এবং মৃত আজমুদ্দিনের ছেলে রশিদ (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নে একটি ট্রান্সফরমার চুরির ঘটনার তথ্য পায় পুলিশ। বিষয়টি তদন্তের জন্য নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়। তদন্তের ধারাবাহিকতায় ৭ জুন রাতে হামেদুল ইসলামকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার বক্তব্যে অসঙ্গতি দেখা দিলে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরও অনুসন্ধান চালানো হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে হামেদুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম সোমবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত তুলার বাঐল গ্রামের একটি দোতলা মাটির ভবনে অভিযান পরিচালনা করে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী অভিযানে বাড়িটি থেকে বিশেষভাবে প্যাকেটজাত ৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় হামেদুল ইসলাম ও রশিদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানান, তারা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে মাইক্রোবাস ও ট্রাকযোগে গাঁজার চালান এনে ওই বাড়িতে সংরক্ষণ করতেন। হামেদুলের দোতলা মাটির বাড়িটি মাদক সংরক্ষণের ‘সেফ হাউস’ বা গুদাম হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে গাঁজা সরবরাহ করা হতো।
পুলিশের দাবি, মাদক ব্যবসার লাভের পাশাপাশি প্রতি ৩০ কেজি গাঁজা সংরক্ষণের জন্য হামেদুল পাঁচ হাজার টাকা করে পারিশ্রমিক পেতেন। এ চক্রের সঙ্গে আরও কয়েকজন মাদক কারবারি জড়িত রয়েছে বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জেলাকে মাদকমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”