২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।
ফলাফল অনুযায়ী, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট ১৩৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯০ জন পাস করেছে। বিদ্যালয়টির পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। পাসের হারে বিদ্যালয়টি উপজেলায় শীর্ষে না থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় অন্য সব বিদ্যালয়কে ছাড়িয়ে গেছে।
জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ জন পাস করেছে। পাসের হার ৮৬ দশমিক ৩০ শতাংশ।
এ ছাড়া পুরুড়া উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, কাজলা উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন এবং সহিলাটি উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয় থেকে ২ জন এবং শাহ আবুল হাসেম উচ্চ বিদ্যালয়, উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, জাওয়ার উচ্চ বিদ্যালয় ও বানাইল উচ্চ বিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, তাড়াইলের ১৫টি সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ে এবার মোট ১ হাজার ৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬৫৯ জন পাস করেছে। সামগ্রিক পাসের হার ৬১ দশমিক ৫৯ শতাংশ। এসব বিদ্যালয় থেকে মোট ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, পাসের হারে উপজেলার শীর্ষে রয়েছে উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৫ জন পাস করেছে। বিদ্যালয়টির পাসের হার ৯৬ দশমিক ১৫ শতাংশ।
এবারের এসএসসি ফলাফলে তাড়াইলের দুই বিদ্যালয় দুই ভিন্ন সূচকে সাফল্যের শীর্ষে রয়েছে। পাসের হারে উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় উপজেলার সেরা হয়েছে।