নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য ও সাংবাদিক সংগঠন।
মঙ্গলবার রাত ৮টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত মৃত্তিকা অ্যাড ফার্মে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রথমে নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্র কণ্ঠ পত্রিকার প্রতিনিধিরা শুভেচ্ছা জানান। এরপর পর্যায়ক্রমে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিয়ন, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ফোরাম, প্রথম সংবাদ পাঠক ফোরাম, নওগাঁ জেলা সাহিত্য পরিষদ, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকেতন পরিবারের সদস্যসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে জেলার উন্নয়ন, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরতেও সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।