নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়ির পানিতে ডুবে নুর ইসলাম (২২) ও সুমাইয়া (১৬) নামে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী থানার বেতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের মো. শাহীন হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয়-সাত মাস আগে ইসলামী শরিয়ত অনুযায়ী নুর ইসলাম ও সুমাইয়ার বিয়ে হয়। গত ২৫ জুলাই স্বামী-স্ত্রী দুজনই সুমাইয়ার বাবার বাড়িতে বেড়াতে আসেন।
রোববার দুপুরে সুমাইয়াদের বাড়ির পাশের একটি খাড়িতে গ্রামের কয়েকজন ছেলেকে গোসল করতে দেখে শখের বশে পানিতে লাফ দেন নুর ইসলাম। দীর্ঘক্ষণ পরও তিনি পানির ওপরে না উঠলে স্ত্রী সুমাইয়া আতঙ্কিত হয়ে স্বামীকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেন। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যেতে থাকলে তাঁদের সঙ্গে থাকা স্থানীয় কয়েকজন এবং আশপাশের লোকজন দ্রুত পানিতে নেমে তাঁদের উদ্ধার করেন।
পরে দুজনকে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁদের মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, হাসপাতালে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।