বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন ইয়াছিন মিয়া (১৮)। কিন্তু সেই ভ্রমণই শেষ পর্যন্ত তার জীবনের শেষ যাত্রায় পরিণত হলো। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই যুবক।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন মিয়া আচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দীনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বন্ধুর মোটরসাইকেল নিয়ে ইয়াছিন পুলেরঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ইয়াছিনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলের ব্রেক বা হাইড্রোলিক ব্যবস্থায় ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন জানান, ইয়াছিন পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তার নিজের কোনো মোটরসাইকেল ছিল না। বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।